আনসার-ভিডিপি'র বরিশাল রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠিত

আনসার-ভিডিপি'র বরিশাল রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত আট জন কর্মকর্তাকে তাঁদের নতুন সার্কেল অ্যাডজুটেন্ট পদে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস রবিবার, ১৯ অক্টোবর, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেন। বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি। রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারা দেশে উপজেলা প্রশিক্ষক পদ থেকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে মোট ১০৪ জনকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে বরিশাল রেঞ্জ থেকে এই আট জন কর্মকর্তা পদোন্নতি লাভ করেন।

র‌্যাংক ব্যাজ পরানোর পর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ তাঁর বক্তব্যে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি বলেন, "পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি উচ্চতর দায়িত্বের স্বীকৃতি। তিনি দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও আনুগত্যের মাধ্যমে ভূমিকা রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান। রেঞ্জ কমান্ডার আরও বলেন, কর্মকর্তাদের প্রচলিত ধ্যান ধারণা পরিহার করে নতুন উদ্যমে কাজ করতে হবে। বিশেষত, তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণধর্মী উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের ওপর তিনি জোর দেন। সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে ওমর ফারুক বলেন, উচ্চতর পদে পদোন্নতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে।

আমরা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করব। পদোন্নতি প্রাপ্ত সার্কেল অ্যাডজুটেন্টরা হলেন মমতাজ বেগম, কহিনুর বেগম, তাহমিনা খাতুন, ইসমেত আরা বেগম, আসমা আক্তার, ওমর ফারুক, মোঃ বিপ্লব হোসেন ও মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ব্যাটালিয়ান আনসার এবং সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান