শ্রীপুরে তারেক রহমানের রূপরেখা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ

শ্রীপুরে তারেক রহমানের রূপরেখা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ
ছবিঃ মোঃ আল আমিন

দৈনিক বিজয় নিউজ স্টাফ রিপোর্টার গাজীপুর:

১৮ অক্টোবর, ২০২৫, শনিবার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গাজীপুর-৩ (শ্রীপুর সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মোল্লার সমর্থকরা ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। শনিবার বিকেল ৪টায় মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। রূপরেখার মূল লক্ষ্য হিসেবে তারা জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা এবং জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা তুলে ধরেন। আতাউর রহমান মোল্লার পক্ষে কর্মসূচির নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আসাদুজ্জামান নূর মাসুম। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের এই রূপরেখা বাংলাদেশের সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। এটি শুধু বিএনপির নয়, সমগ্র জাতির মুক্তির সনদ। জনগণ ইতোমধ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা পরিবর্তনের জন্য প্রস্তুত।”

এর আগে শুক্রবারও (১৭ অক্টোবর) শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী একই কার্যক্রম অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন ও প্রতিহিংসামুক্ত রাজনীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তারা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই রাষ্ট্র মেরামতের জন্য এই রূপরেখা বাস্তবায়ন অপরিহার্য।” এ সময় নেতাকর্মীরা দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই রূপরেখা দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শ্রীপুর-৩ আসনের জনগণ আতাউর রহমান মোল্লার পক্ষেই রায় দেবেন। স্থানীয় জনগণও এ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতাদের সাথে মতবিনিময় করেন। কর্মসূচি শেষে নেতারা জানান, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” নিয়ে প্রচারণা শ্রীপুর-৩ আসনের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল আমিন