রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে শিবির প্রার্থীদের জয়
দৈনিক বিজয় নিউজ রাজশাহী নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় লাভ করেছেন। ভিপি (সভাপতি) পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৯,২৯০ ভোটে। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১১,৫৩৭ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী শিবিরের ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট। এই পদে ব্যবধান ৫,৮০৮ ভোট।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয় পেয়েছেন শিবিরের সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট। ব্যবধান ১,০৩০ ভোট। রাকসু নির্বাচনকে ঘিরে দীর্ঘ ৩৪ বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন