পাবিপ্রবিতে রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবিপ্রবিতে রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন হলের রোভার স্কাউটের গ্রীন রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য, পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. মনিরুজ্জামান মুন এবং ইউনিট লেভেল কর্মকর্তা মাহমুদা মুন্সী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন,“প্রথমেই বলতে চাই, তোমরা যে কাজ করছো— তা শুধু দায়িত্ব নয়, সমাজের প্রতি এক মহৎ অবদান। ভর্তি পরীক্ষার সময় যেমন তোমরা রোদের মধ্যে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছিলে, সেটাই তোমাদের দায়বদ্ধতার প্রমাণ। সমাজের জন্য কাজ করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। রোভার স্কাউট হিসেবে তোমরাই দেশের ভবিষ্যৎ। সংকটের সময় তোমরাই আগে এগিয়ে আসো— এটাই তোমাদের আলাদা করে তোলে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদের ক্যারিয়ারের জন্যও মূল্যবান হবে। উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে তোমাদের এই সামাজিক কাজ বড় একটি ইতিবাচক দিক হিসেবে গণ্য হবে। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও নিরাপত্তায় তোমরা ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করবে। এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার গর্ব— এর সাফল্যই তোমাদের সাফল্য।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক বেশি ইন্টার‌্যাকটিভ। তাই তাদের দাবিটি পূরণ হয়েছে পাবনা রেড ক্রিসেন্টের সহযোগিতায়। আমরা তাদের শুধু একটি চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা নিজেরাই এসে সহযোগিতা করেছেন। রোভার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রোগ্রামে যেভাবে সহযোগিতা করে, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। প্রথমেই আমরা রোভার দলকে ডাকি, কারণ আমরা বিশ্বাস করি— তোমরা সব ক্ষেত্রে ভালো কাজ করবে। তোমরা নিয়ম-শৃঙ্খলা শিখছো, যা ভবিষ্যতে তোমাদের আরও শক্ত ভিত্তি গড়তে সাহায্য করবে।” উল্লেখ্য, অনুষ্ঠানে রোভার স্কাউটকে প্রজেক্টর প্রদান করা হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে ড. জিন্নাত রেহানা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়