সহকারী জজ নিয়োগ: গেজেট হয়নি সাত মাসেও, অপেক্ষা কতদিন; লেখা:ফাইজার মো. শাওলিন

সহকারী জজ নিয়োগ: গেজেট হয়নি সাত মাসেও, অপেক্ষা কতদিন; লেখা:ফাইজার মো. শাওলিন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের আদালতগুলোর সঙ্গে দীর্ঘসূত্রতা যেন সমার্থক। মামলার জটের মতো বিচারক নিয়োগ প্রক্রিয়াও আটকে থাকে মাসের পর মাস। এমনই এক বিলম্বের কবলে পড়ে ১৭তম সহকারী জজ নিয়োগের গেজেট প্রকাশ আটকে আছে সাত মাসেরও বেশি সময় ধরে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে সহকারী জজ নিয়োগের ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফল গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এতে ১০২ প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। কিন্তু চূড়ান্ত ফল প্রকাশের সাত মাস পার হলেও এখনো তাদের নিয়োগ গেজেট প্রকাশিত হয়নি। তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পাওয়ার পরও গেজেট না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারছেন না তারা।

বিজেএসসির ওয়েবসাইট অনুযায়ী, ১৭তম বিজেএস-এর মাধ্যমে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি। কমিশন গত বছরই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেয় এবং এ বছরের ১৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক উত্তীর্ণ প্রার্থী প্রথম আলোকে জানান, "নিয়োগ বিলম্বিত হওয়ায় আমাদের ব্যক্তিগত জীবনেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, আবার দেশের বিচারব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি মামলার পেছনে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি ও ন্যায়বিচারের প্রতীক্ষা। দেশে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন। আমরা দ্রুত যোগ দিতে পারলে মামলার জট কমাতে ভূমিকা রাখতে পারতাম।"

আরেকজন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর কথায়, "বিজ্ঞপ্তি প্রকাশের ১৯ মাস পেরিয়ে গেছে। সুপারিশ পেয়েও সাত মাসের বেশি সময় কেটে গেছে। বেকার বসে থাকায় নিজেকে পরিবারের বোঝা মনে হচ্ছে। টিউশনি করেই চলতে হচ্ছে এখনো।"

বিজেএসসির পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় গেজেট প্রকাশ করা যাচ্ছে না। ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া কখন শেষ হবে, সে বিষয়েও নিশ্চিত নন কমিশনের কর্মকর্তারা।

দৈনিক বিজয় নিউজ/