বিএনপির আয় ও ব্যয় বৃদ্ধি: উদ্বৃত্ত প্রায় ১১ কোটি; ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন জমা

বিএনপির আয় ও ব্যয় বৃদ্ধি: উদ্বৃত্ত প্রায় ১১ কোটি; ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন জমা
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, গত বছরের তুলনায় আয় বৃদ্ধি পাওয়ায় দলের ব্যাংক হিসাবে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত রয়েছে। ২০২৩ সালে দলের আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, আর ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা

আয়ের উৎস:
বিএনপির আয়ের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বইপুস্তক বিক্রয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংক থেকে প্রাপ্ত সুদ।

ব্যয়ের খাত:
বিভিন্ন ব্যক্তিকে আর্থিক সহায়তা, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, প্রচারমূলক সামগ্রী (পোস্টার, লিফলেট) ছাপানো, সভার ভাড়া, দাপ্তরিক প্রকাশনা, রমজানে ইফতার মাহফিল এবং অন্যান্য অফিসিয়াল খরচ।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। বিএনপি এই সময়সীমার মধ্যে তাদের অডিটকৃত প্রতিবেদন জমা দিয়েছে। রিজভী বলেন, "আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ইসিতে প্রতিবেদন দাখিল করেছি।"
রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন যে, বর্তমান নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি বলেন, "গত ১৬ বছর ধরে নিপীড়নের শিকার দল ও জনগণ এখন নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখেছে। আমরা চাই, কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ষড়যন্ত্র ও অনিয়ম রোধ করবে।"

তিনি আরও যোগ করেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও, মানুষের মধ্যে আশা জেগেছে। নির্বাচন কমিশনকে অবশ্যই এই আস্থার প্রতীক হয়ে উঠতে হবে।"

বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং নেতা আমিনুল হক প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ