জুলাই সনদের খসড়া প্রস্তুত, আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে; অধ্যাপক আলী রীয়াজের বক্তব্য
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে। এটি আগামীকাল সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলি দ্রুত মতামত দিলে সেগুলো খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত নীতি এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।
সনদের খসড়া নিয়ে সরাসরি সংলাপে আলোচনা করা হবে না বলে জানিয়ে আলী রীয়াজ বলেন, “যদি কোনো বড় মৌলিক আপত্তি ওঠে, তা হলে তা আলোচনায় আনা হবে। অন্যথায়, দলগুলোর মতামত খসড়ায় সংশোধন করে প্রাথমিক সনদে ভূমিকা ও প্রতিশ্রুতির অংশ যোগ করা হবে।”
তিনি আরও জানান, জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য আলোচনার একটি দিন নির্ধারণ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের বর্তমান আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে এবং তিনটি বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় সফর রাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ