ঠাকুরগাঁওয়ে বাস-অটোর সংঘর্ষে নিহত ১, আহত ২
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের মুসারহাট বাজার এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৬ জুলাই) সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন অটোযাত্রী নিহত হন। নিহত সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা থানার থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক মো. আবু সাঈদ (২৮) এবং এক যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম