সংঘর্ষে জড়াল শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী, সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি

সংঘর্ষে জড়াল শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী, সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

ঘটনাটি ঘটে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে। এর আগে, পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক খুলে ভেতরে প্রবেশ করে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সচিবালয় থেকে বের করে দেন। এর পরই সচিবালয়ের সামনে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ
বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। “ভুয়া ভুয়া” ও “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে”— এমন স্লোগান দিয়ে তারা অবস্থান নেয়।

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়নি। রাত তিনটায় কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর চাই না।” এ ছাড়া, কিছু শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও বিক্ষোভ করছেন।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে সচিবালয় এলাকা অস্থিরতায় রূপ নেয়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে গড়ায়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ