মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী, ২২ জুলাই ২০২৫ গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম (ওরফে সাগর)-এর মরদেহ আজ মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়।

ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিক সামরিক সম্মান প্রদর্শনের পর, বিকেল ৩টা ২০ মিনিটে সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারা একটি অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ নগরের উপশহরের তিন নম্বর সেক্টরে অবস্থিত ভাড়া বাসায় নিয়ে যান । এ সময় বাড়ির সামনে শত শত শোকাহত মানুষ ভিড় জমায়। তৌকিরের স্বজনরা মরদেহ দেখামাত্র কান্নায় ভেঙে পড়েন।

জানাজা: তাঁর মরদেহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে।

দাফন স্টেডিয়ামে জানাজা শেষে রাজশাহীর সপুরা কবরস্থানে সমাহিত করা হবে ।

তৌকির ইসলামের বাবা তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আদিবাসী হলেও গত ২৫ বছর ধরে রাজশাহীতে ব্যবসায়িক বসবাস করছেন। তৌকির রাজশাহীর নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখানকার ৩৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করেন।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর এফটি-৭বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এবং স্কুল ভবনে আছড়ে পড়ে। এই ঘটনায় তৌকিরসহ অন্তত ৩১ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, তৌকিব শেষ মুহূর্তে বিমানটি জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

"ক্ষয়ক্ষতি এড়াতে তিনি বিমানটি ঘনবসতি থেকে দূরে নিতে সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি" — আইএসপিআর

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ