ফরিদপুরে এনসিপির পথসভা আজ দুপুরে, নিরাপত্তা জোরদার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা অনুষ্ঠিত হবে। পূর্বে সকাল ১০টায় এই কর্মসূচি নির্ধারিত থাকলেও তা পুনর্বিন্যাস করা হয়েছে।
এনসিপি গত ১ জুলাই থেকে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ আয়োজন করা হয়েছিল। তবে ওই কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর এনসিপি নেতারা গত রাতে ফরিদপুরের পরিবর্তে খুলনায় অবস্থান নেন। আজ দুপুরে তারা ফরিদপুরের পথসভায় যোগ দেবেন।
এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান সকালে জানান, আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে বৃষ্টির কারণে যাত্রাপথে কিছু বিলম্ব হতে পারে, ফলে পথসভা দুপুর ১টা থেকে সাড়ে ১টার মধ্যে শুরু হতে পারে। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভার মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, "৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও র্যাবও টহল দেবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ