গণ অধিকার পরিষদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট করবে না: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট করবে না: নুরুল হক নুর
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে 'গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলোর সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। তবে ফ্যাসিবাদ পতনের পর আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা কখনোই বলিনি যে কোনো দলের সঙ্গে জোট করে নির্বাচন করব।"

তিনি আরও বলেন, "অনেকে আমাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিভিন্ন সময় আমাদের বক্তব্য বিএনপি, জামায়াত বা ইসলামী আন্দোলনের পক্ষে গেছে বলে ধারণা করা হয়েছে। কিন্তু বক্তব্য দেওয়া মানেই জোটবদ্ধ হওয়া নয়।"

আনুপাতিক নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, "আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবি আমাদের দীর্ঘদিনের। কেউ এটাকে রাজনৈতিক জটিলতা বা নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবে দেখতে চাইলেও, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে।"

গণ অধিকার পরিষদের এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা জোরদারের দাবি তোলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ