শ্যামলীতে চাপাতির হুমকিতে ব্যক্তির মোবাইল, টাকা ও জামা-জুতা ছিনতাই
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
শ্যামলীতে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে হুমকি দিয়ে তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ এবং পরনের জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। গত শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামলীর একটি গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের ওই ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে শনিবার শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, শ্যামলীতে এক চাকরিজীবীকে চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে তাঁর মোবাইল ফোন, টাকা-পয়সা এবং পরনের জামা-জুতা ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে viral হয়েছে।
ওসি ইমাউল হক জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।মামলার বিবরণীতে শিমিয়ন ত্রিপুরা বলেন, তিনি ধামরাইয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং শ্যামলীতে থাকেন। গতকাল সকাল ৬টায় সাভারের উদ্দেশে বাসা থেকে বের হলে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে তিন মোটরসাইকেল আরোহী তাঁকে চাপাতির ভয় দেখিয়ে মোবাইল, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীরা টাকা-পয়সা ও মোবাইল নিয়ে শিমিয়নের জামা-জুতাও জোর করে খুলে নিয়ে যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ