"ওয়াকফ বিল নিয়ে বিতর্কে উত্তাল ভারত, দেশজুড়ে তীব্র প্রতিবাদ"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ বিতর্কের পর বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে ভারতের সংসদে পাস হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়ে ২৮৮ ভোট, বিপক্ষে ২৩২। তবে বিল পাসের পরই দেশজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদের মতো বড় শহরগুলোতে মুসলিম সম্প্রদায় রাস্তায় নামেন প্রতিবাদ জানাতে।
ওয়াকফ হলো মুসলিমদের ধর্মীয়, শিক্ষা ও সমাজসেবামূলক কাজে ব্যবহৃত অলঙ্ঘনীয় সম্পত্তি, যা বিক্রি বা হস্তান্তর করা যায় না। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে, যা সরকারের মতে "স্বচ্ছতা বাড়াবে"। তবে মুসলিম নেতারা অভিযোগ করছেন, এই সংশোধনী আসলে সম্প্রদায়ের অধিকার খর্ব করার চেষ্টা। বিশ্লেষকদের মতে, দেশের প্রায় ৯ লাখ একর ওয়াকফ জমির উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এই বিলের মূল লক্ষ্য। কলকাতায় হাজারো প্রতিবাদী "ওয়াকফ বিল মানি না" স্লোগান দিয়ে মিছিল করে, কুশপুত্তলিকা পোড়ায়। আহমেদাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক হয় ৪০ জন, যার মধ্যে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের নেতাও রয়েছেন। চেন্নাই ও লখনৌতেও অনুরূপ বিক্ষোভ দেখা যায়।
মুসলিম নেতাদের বক্তব্য, "ওয়াকফ আইন পরিবর্তনের নামে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে মুসলিমদের জন্য বাড়ি, শিক্ষা বা ঋণের ব্যবস্থা নিয়ে কিছু বলা হয়নি—তাহলে 'উন্নয়ন' কোথায়?" বিলটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়। তবে এর আগেই স্পষ্ট হয়ে গেছে, আইন কার্যকর হলেও এই লড়াই থামবে না। মুসলিম সম্প্রদায়ের হুঁশিয়ারি: "ধর্মীয় অধিকার রক্ষায় আমরা আরও কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলব।"
দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ (সংগৃহিত)