দিনাজপুরে রেলের ১৩০ টিকিটসহ নৌবাহিনী সদস্য আটক।।

দিনাজপুরে রেলের ১৩০ টিকিটসহ নৌবাহিনী সদস্য আটক।।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে রেলের ১৩০টি টিকিটসহ সাজেদুর রহমান (২৮) নামে নৌ বাহিনীর এক সদস্যকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিভিন্ন রুটের ট্রেনের ১৩০টি টিকিট ছাড়াও তার কাছ থেকে তিনটি মোবাইল ও বিভিন্ন কোম্পানির ১৪টি সিম কার্ডও পাওয়া গেছে। যেগুলো জব্দ করা হয়েছে। দিনাজপুর জিআরপি থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌঁছালে প্ল্যাটফর্মে টিকিট চেক শুরু করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় সাজেদুরের টিকিট চেক করার সময় এক টিকিটে ২২ জনের আসন দেখতে পান। ওই টিকিটে সরকারি বাহিনীর টিকিট, বিক্রয় নিষেধ লেখা ছিল। এ সময় দায়িত্বরত টিটি তার পরিচয় জানতে চাইলে নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেন।

সবকিছু বিবেচনায় সন্দেহ হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঠাকুরগাঁও জিআরপি থানায় নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসা করলে টিকিট কালোবাজারির কথা স্বীকার করেন। পরে তার কাছে ট্রেনের বিভিন্ন রুটের আরও ১০৮টি আসনের টিকিট পাওয়া যায়। এসব টিকিট ২১ থেকে ২৫ মার্চের এবং যাত্রাপথ ঢাকা থেকে পার্বতীপুর ও পঞ্চগড়। রাতেই তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়। আটক সাজেদুরের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত হয়ে নৌবাহিনীর সাথে যোগাযোগ করে জিআরপি থানা কর্তৃপক্ষ। পরে শুক্রবার দুপুরে নৌবাহিনী সদস্যরা এসে বিভাগীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে সাজেদুরকে নিয়ে যায়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান