গোপালগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।
গোপালগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে
গোপালগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। এটি হবে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের একটি। এখানে (গোপালগঞ্জে) বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট স্থাপনের আরেকটি প্রকল্পের কাজও এক সাথে করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ব্যাপারে ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গত শনিবার (৬ নভেম্বর) ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সঙ্গে বৈঠক করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব উপস্থিত ছিলেন।
এ সময় জোট সরকারের সময়ে বন্ধ করে দেয়া গোপালগঞ্জে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের জমির বিষয়ে আলোচনা হয়। ইনস্টিটিউটের নামে বরাদ্দকৃত ওই জমি বর্তমানে বশেমুরবিপ্রবি ব্যবহার করছে। রোববার তারা বঙ্গবন্ধু ইনস্টিটিউটের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন।
অধিগ্রহণ করা ভূমি পরিদর্শন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ইউজিসি সদস্য ও বশেমুরবিপ্রবির উপাচার্যকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতির জনক ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমাধি সৌধ কমপ্লেক্সে রাখা বইয়ে তাঁরা মন্তব্য লেখেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বশেমুরবিপ্রবি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব জানান, ক্যাম্পাসে মুজিববর্ষ উপলক্ষে ১ হাজার বনজ ও ফলজ গাছ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫’শ গাছ লাগানোর কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয়।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি