চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, পাঁচ দিন পর মরদেহ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
চাঁদা দাবি ও তা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কুমিল্লায় এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেদোয়ান হোসেন রিফাত ওই এলাকার শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক এবং লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর ওই এজেন্ট শাখায় গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর মুঠোফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই রিফাত নিখোঁজ ছিলেন।
ছেলের খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের বাবা দেলোয়ার হোসেনের অভিযোগ, চাঁদা না দেওয়ায় কয়েক দিন আগে সজিব তাঁর ছেলেকে মারধর করেছিল এবং এরপর থেকেই তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলামের দাবি, অভিযুক্ত সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রমের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে এবং তিনি আগেও মানুষকে হয়রানি করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে সজিব নামের একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ