দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রী অপহরণ

দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রী অপহরণ
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন। ​অভিযুক্ত যুবকের নাম হৃদয় চন্দ্র দাস (১৯)। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। আর ভুক্তভোগী রূপা রানী দাস (১৬) দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী এবং স্থানীয় সুবল চন্দ্র দাসের মেয়ে। ​মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে প্রেমের কুপ্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে অভিযুক্তকে একাধিকবার বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

​ঘটনার বিবরণ দিয়ে এজাহারে বলা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে প্রাইভেট শেষে এক বান্ধবীর বাসায় যাওয়ার পথে আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছায়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা হৃদয় চন্দ্র দাস তাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেন। ​এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী