কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়

কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই  আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর আজাদ মার্কেটে শীতার্থদের পর্যাপ্ত ভীড় জমেছে। যশোর-সাতক্ষীরা হাইওয়ে রোডের পূর্ব পাশে বিএনপি কার্যালয়ের পিছনে আজাদ মার্কেটে দীর্ঘদিন ধরে বার মাস কম-বেশি পুরাতন কাপড়ের বাজার বসে। শীতের আগমনের সাথে সাথেই শীতার্থ মানুষের ভীড় জমেছে শুরু করেছে। এ কারণে আজাদ মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা। জানা গেছে, কেশবপুর শহরের প্রাণ কেন্দ্র থানার মোড়ে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল হোসেন আজাদ এই জমির মালিক। তাঁর প্রায় ৪০ শতক পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে আজাদ মার্কেট। এ মার্কেটে প্রায় অর্ধশত দোকান রয়েছে। এই মার্কেটটি দীর্ঘ প্রায় ২৬/২৭ বছর ধরে ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়না।

দোকানের মালিকরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসার যাত্রা নির্বাহ করে থাকেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা ভীড় করছে এ মার্কেটে। ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ মার্কেটের কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা সুলভমূল্যে এ মার্কেটে বিক্রি করেন। পৌর এলাকার বাজিতপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, শীতের আগমনের আভাষ দেখে তিনি ৩’শ টাকায় একটি জ্যাকেট কিনেছেন। কম দামে ভাল জ্যাকেট কিনতে পেরে তিনি বেশ খুশি। ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের গৃহীনী মমতা খাতুন জানান, শুনেছি আজাদ মার্কেটে কম দামে ভাল মানের শীতের কাপড় পাওয়া যায়। তাই তিনি শীতের কাপড় কিনতে কেশবপুরের এ মার্কেটে এসেছেন।

ব্যাবসায়ী মশিয়ার রহমান জানান, "এ মার্কেটে বিনা ভাড়ায় গত ১৩ বছর ধরে পুরাতন কাপড়ের ব্যবসা করে আসছি। শীত আসার সাথে সাথে গত বৃহস্পতিবার থেকে বেচা-কেনা বেড়েছে। আমাদের ঘর মালিক এত সুবিধা দেওয়ার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। এর ফলে ব্যবসায়ীরা কোনো ধরনের মাসিক ভাড়া ছাড়াই ব্যবসা করার সুযোগ পাওয়ায় তারা তুলনামূলক কম খরচে ব্যবসা পরিচালনা করতে পারছেন।" এ বিষয়ে মার্কেটের মালিক আলহাজ্জ আবুল হোসেন আজাদ-এর সাথে কথা হলে তিনি জানান, এখানকার ব্যাবসায়ীর সকলেই কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাদের কাছ থেকে কোন রকম ভাড়া নেওয়া হয় না।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ