BDSUL- বোট ক্লাব কার্যক্রম: স্মরণীয় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ বিকাশের নতুন সম্ভাবনা।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত বোট ক্লাবের এক বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করেছে বিডিএসইউএল (BDSUL)। বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ কার্যক্রমে সকালবেলা নৌকা চালনা ও নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে খেলাধুলার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পান।কার্যক্রমে বিডিএসইউএলের পক্ষে সংগঠনের সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে অংশ নেন সহসভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক হেমালয় রাজ পল এবং নির্বাহী সদস্য নবীন ও মোশাররফ হোসেন। এ ছাড়া ইন্ডিয়ান সোসাইটির ওম প্যাটেল এবং পাকিস্তানি সোসাইটির আবদুল্লাহসহ অন্যান্য শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওম প্যাটেল ও হেমালয় রাজ পলের পারফরম্যান্স। তাদের নৌকাচালনার দক্ষতা ও পারফরম্যান্স আয়োজকদের প্রশংসা অর্জন করে। পাশাপাশি তাদের নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার উৎসাহ দেওয়া হয়। ভবিষ্যতে দক্ষতা ও প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে গ্রেট ব্রিটেনের (Great Britain) জাতীয় দলের হয়ে খেলার এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনার কথাও জানানো হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষতা বিকাশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছে।নৌকাকেন্দ্রিক কার্যক্রম শেষে অংশগ্রহণকারীরা লন্ডনের এক্সেল (ExCeL) এলাকার কাছে অবস্থানরত একটি বড় জাহাজের ভেতর ঘুরে দেখার সুযোগ পান। পরে সবাই একসঙ্গে পিৎজা ও হালকা খাবার গ্রহণ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত কাজের মানসিকতা তৈরি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এমন একটি সুন্দর আয়োজনের সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা স্টুডেন্টস ইউনিয়ন (Students’ Union), বোট ক্লাবের সংশ্লিষ্ট সদস্য এবং আয়োজনে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির