নাইক্ষ্যংছড়িতে ১৯ পিস ইয়াবাসহ আটক ১
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে অভিযান চালিয়ে ১৯ পিস বার্মিজ ইয়াবাসহ মো. আতাউল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করে তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা। আটক আতাউল করিম কক্সবাজারের রামু উপজেলার নতুন তিতারপাড়া গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি