পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদের জেরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর ২ নম্বর বদরপুর ইউনিয়নের খালিশাখালী গ্রামে মাদকবিরোধী প্রতিবাদ করায় মো. শহিদুল ইসলাম খান নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর শহিদুল ইসলাম খান এলাকায় মাদক কেনাবেচা ও ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এতে নাসির গ্রুপের সাথে শহিদুল ইসলামের গ্রুপের সাথে মারামারি হয় শহিদুল ইসলাম গ্রুপের হামলায় নাসিরের ভাইর মাথায় আঘাত লেগে মাথা ফেটে যায়, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এর জের ধরে পরদিন বৃহস্পতিবার বিকেলে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল শহিদুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
এই ঘটনায় প্রাপ্ত অভিযোগে নাসির উদ্দীন হাওলাদার এবং ২ নম্বর বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। হামলার পর গুরুতর আহত শহিদুল ইসলাম খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনার পর থেকে শহিদুল ইসলাম খানের স্বজন এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সত্যতা নির্ধারণে তদন্ত শুরু করা জরুরি। অভিযুক্তদের বক্তব্য এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানার চেষ্টা চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী