নওগাঁর দুই নৃত্যশিল্পীর নতুন কুঁড়ির নৃত্যে সেরা ১০-এ খেয়া-পড়শী, উৎসাহ দিতে এমপি ধলুর অনুদান

নওগাঁর দুই নৃত্যশিল্পীর নতুন কুঁড়ির নৃত্যে সেরা ১০-এ খেয়া-পড়শী, উৎসাহ দিতে এমপি ধলুর অনুদান
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর দুই নৃত্যশিল্পী বৈদৃতা রায় খেয়া ও জেনিফা রহমান পড়শী বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় নৃত্য বিভাগে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন। তাদের উৎসাহ দিতে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন। প্রতিযোগিতায় উচ্চাঙ্গ নৃত্য বিভাগে বৈদৃতা রায় খেয়া ২য় স্থান এবং সৃজনশীল নৃত্য বিভাগে জেনিফা রহমান পড়শী ৪র্থ স্থান অর্জন করেছেন। তাদের এ অর্জনে নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের এ সাফল্য নওগাঁর নৃত্যচর্চায় নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেয়া ও পড়শীর নৃত্যগুরু ‘নৃত্য রং একাডেমী’, নওগাঁর পরিচালক ডি.এম. সুলতান মাহমুদ ও লিজা প্রামাণিক। দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে তারা দুই শিল্পীকে নৃত্যচর্চায় এগিয়ে নিতে কাজ করছেন। সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, নওগাঁর নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিকশিত হবে এবং জাতীয় পর্যায়ে জেলার শিল্পীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার