মোহনপুরে তথ্য গোপন করে সার ডিলার নিয়োগের আবেদন

মোহনপুরে তথ্য গোপন করে সার ডিলার নিয়োগের আবেদন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

পারিবারিক তথ্য গোপন করে সার ডিলারের লাইসেন্স পেতে আবেদন করার অভিযোগ উঠেছে রাজশাহীর মোহনপুর উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেস্বর, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সঠিক ব্যবসায়ীদের মধ্যে সার ডিলারের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছ। অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. মজিবর রহমান সার ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের ক্ষেত্রে তিনি নিজের পরিবারের কয়েকজন সদস্যের চাকরি ও পেশাগত পরিচয় গোপন করেছেন বলে অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগে আরও বলা হয়েছে, মজিবর রহমানের এক ছেলে মোখলেসুর রহমান বর্তমানে দুর্গাপুর উপজেলাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দাওকান্দি শাখায় কর্মরত। এছাড়া তার পরিবারের আরেক সদস্য পবা উপজেলা ভূমি অফিসে কর্মরত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার দুই মেয়ের নামও ঐ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে সার ডিলারের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা নিয়ে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। কিন্তু ওই বিধিনিষেধ এড়িয়ে যেতে সংশ্লিষ্ট ব্যক্তি তার পারিবারিক তথ্য গোপন করে আবেদন করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে সার ডিলারের লাইসেন্স পাওয়ার জন্য আবেদনটি সম্পূর্ণ আইনবিরোধী এবং ২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালার পরিপন্থী। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত যোগ্য ব্যবসায়ীর মধ্যে সার ডিলারের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগের অনুলিপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত মো. মজিবুর রহমানের বক্তব্য জানার জন্য ফোনকরলে তাকে ফোনে পাওয়া যায়নি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন