ঘুমধুমে খাস জমি বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, হেডম্যানের বিরুদ্ধে তদন্তের দাবি!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নম্বর তুমব্রু মৌজায় সরকারি খাস জমি বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় হেডম্যান খাইনচ্যা প্রু তংচংগ্যার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি বিক্রি ও দখল বুঝিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এ কাজে হেডম্যানের প্রত্যয়নপত্র ও দখলীয় রিপোর্টকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনুসন্ধানে জানা যায়, সরকারি খাস জমি ব্যক্তিমালিকানায় বিক্রি কিংবা ইচ্ছামতো কারও কাছে ভোগদখল হস্তান্তরের আইনগত সুযোগ নেই। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে এসব জমি নিয়ে অবৈধ লেনদেন চলছে।
প্রতিবেদকের অনুসন্ধানে গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনে হেডম্যানের কাছে খাস জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অভিযোগকারীদের দাবি, ওই কথোপকথনে খাস জমির দখল ও প্রত্যয়নপত্রের বিনিময়ে অর্থ লেনদেনের বিষয় উঠে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। স্থানীয়দের অভিযোগ, ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাস ও অরেজিস্টার্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের বিরোধ ও লেনদেন চলে আসছে। ফলে বিষয়টি তদন্ত করে সরকারি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি খাস জমি বিক্রি বা ব্যক্তির কাছে আইনবহির্ভূতভাবে হস্তান্তরের কোনো সুযোগ নেই। হেডম্যানের প্রত্যয়নপত্রের মাধ্যমে কেউ সরকারি জমির মালিকানা দাবি করতে পারেন না। খাস জমি বিক্রির নামে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য যাচাই করা হবে। সরকারি জমি দখল বা অবৈধ লেনদেনের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তে প্রমাণিত হওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি