বগুড়ায় টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী কর্মশালা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র বগুড়া জোনের আওতাধীন দুপচাঁচিয়া রিজিওনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মকৌশল নির্ধারণী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপচাঁচিয়ার জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দুপচাঁচিয়া রিজিওনের বিভিন্ন শাখায় কর্মরত প্রোগ্রাম অর্গানাইজার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। দুপচাঁচিয়া রিজিওন প্রধান মো. শাহ শওকত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস’র নির্বাহী উপদেষ্টা মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মো. রেজাউল করিম, বগুড়া ডোমেইন প্রধান মো. সাজ্জাদুর রহমান এবং জোন প্রধান মো. সেলিম আহমেদ ফকির। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান এবং অপারেশন ও আইটি পরিচালক মো. মাহবুবর রহমান। কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী উপদেষ্টা মো. আতাউর রহমান পিওদের সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। লাভের উদ্দেশ্যে নয়, সেবার মানসিকতা নিয়ে সংস্থাটি দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরিতে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা টিএমএসএস’র বিভিন্ন সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে নতুন নতুন কৌশল গ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় দলভিত্তিক আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশ গ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে টিএমএসএস’র অপারেশন ও উন্নয়ন পরিচালক মো. রেজাউল করিম পিওদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। কর্মশালায় জানানো হয়, পিওদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে টিএমএসএস’র উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মশালায় দুপচাঁচিয়া রিজিওনের প্রায় ৫০ জন পিওসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শাখার সন্তোষজনক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন পিওকে পুরস্কৃত করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান