আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে অদৃশ্য শিক্ষক নিয়োগের অভিযোগ

আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে অদৃশ্য শিক্ষক নিয়োগের অভিযোগ
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগকে ঘিরে একের পর এক অসংগতি বেরিয়ে আসছে। কলেজের হাজিরা খাতায় নেই সংশ্লিষ্ট শিক্ষকের নাম-স্বাক্ষর , ব্যানবেইজ (BANBEIS)-এর তথ্যভান্ডারেও দীর্ঘদিন ছিল না কোনো তথ্য। কলেজের শিক্ষক-কর্মচারীরাও বলছেন , তারা এ নামে কাউকে কখনো কলেজে দেখেননি। অথচ ২০১৫ সালের নিয়োগ দেখিয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে আরলিজা খাতুনের নাম সামনে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজজুড়ে প্রশ্ন উঠেছে নিয়োগটি কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল , নাকি এর আড়ালে ছিল প্রভাব ও অর্থের খেলা?

অভিযোগের তীর কলেজের অধ্যক্ষ আবু নাসির ও গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের দিকে। অভিযোগ রয়েছে , জাতীয় বিশ্ববিদ্যালয় , শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর বিধিবিধান উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে এ নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে , নিয়োগের আগে কোনো উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী জানিয়েছেন , আরলিজা খাতুন নামে কাউকে তারা কখনো শ্রেণিকক্ষে পাঠদান করতে বা কলেজে নিয়মিত উপস্থিত থাকতে দেখেননি। অথচ নিয়োগের নথিতে তার নাম রয়েছে। অভিযোগ রয়েছে , একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্থানীয়ভাবে এ নিয়োগের বিপরীতে ২৫ থেকে ৩০ লাখ টাকা লেনদেনের গুঞ্জন রয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ্যে আসেনি।

আরও অভিযোগ , যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও আর্থিক সুবিধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্যপদের তথ্য গোপন , নিয়োগসংক্রান্ত রেজুলেশনে অনিয়ম এবং নথিপত্রে অসংগতির অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী , অন্য শিক্ষকের নাম ব্যবহার করে দ্বৈত স্বাক্ষরের মাধ্যমে বেতন চালুর ব্যবস্থা করা হলেও আজ পর্যন্ত আরলিজা খাতুনের কোনো নাম বা স্বাক্ষর কলেজের হাজিরা খাতায় পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠেছে যে শিক্ষকের উপস্থিতিরই কোনো রেকর্ড নেই , তার নিয়োগ ও বেতন চালু হলো কীভাবে?

এসব অভিযোগে কলেজজুড়ে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষক , শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি , পুরো নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের ভাষ্য , শিক্ষক নিয়োগে স্বচ্ছতা না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অভিযোগের বিষয়ে গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। কলেজের অধ্যক্ষ আবু নাসির দাবি করেন , কলেজের সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হয়েছে। তার ভাষ্য , ডিগ্রি শাখার শিক্ষকদের দীর্ঘদিন বেতন না থাকায় তারা আগে নিয়মিত কলেজে উপস্থিত হতেন না।

তবে সংশ্লিষ্ট শিক্ষকের নামে বেতন চালুর প্রক্রিয়া , হাজিরা খাতায় নাম ও স্বাক্ষর না থাকার কারণ এবং নিয়োগসংক্রান্ত অনুমোদনের নথি সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি। বরং তিনি বলেন , আমি গণমাধ্যমকর্মীদের কাছে তথ্য দিতে বাধ্য নই। অধ্যক্ষের এই বক্তব্য , প্রয়োজনীয় নথি উপস্থাপনে ব্যর্থতা এবং নিয়োগ-সংক্রান্ত একাধিক অসংগতির কারণে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন , বিষয়টি আমি শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ ইডি