সেচ প্রকল্পের আধিপত্যের বলি কৃষক: নৃশংসভাবে গলা কেটে পুকুরে ভাসাল খুনিরা মুরাদনগরে শোকের ছায়া, এলাকায় থমথমে পরিস্থিতি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা পানির অপর নাম জীবন। কিন্তু সেই পানি তোলার সেচ প্রকল্পই এবার কেড়ে নিল এক কৃষকের প্রাণ। কুমিল্লার মুরাদনগর উপজেলায় সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওহেদ ভূঁইয়া (৬০) নামের এক কৃষককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরের জলে। মঙ্গলবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় একটি সেচ প্রকল্পের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, বিরাজ করছে চরম আতঙ্ক। ঘটনার প্রেক্ষাপট পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে ওহেদ ভূঁইয়া বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর আর ফেরেননি। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও হদিস পাননি। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্ত্রী সানোয়ারা বেগমের আহাজারি নিহতের স্ত্রী সানোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “এলাকার একটি সেচ প্রকল্প পরিচালনা করা নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে আমার স্বামীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই ওনাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।”
যা বলছে পুলিশ মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মরদেহের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, যা অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেচ প্রকল্পকে কেন্দ্র করে এমন পৈশাচিক হত্যাকাণ্ডে পুরো এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ