নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। ৩০ইং জুন মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃত সাগর কলা, কাঠাঁল, রামবুটান৷ আমসহ নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।
মেলা পরিদর্শনকালে অতিথিরা পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে ফলজ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এই মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন