রাজশাহী মোহনপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী মোহনপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দুর্যোগঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) Learning Acceleration in Secondary Education Project (LASEP)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)-এর উদ্যোগে এবং বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের কারণ, এর ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয়ের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন