নওগাঁ মিথ্যা মামলা করার অভিযোগে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় হয়রানি করার উদ্দেশ্যে কাল্পনিক মিথ্যে মামলা করায় শরিফুল ইসলাম ভুট্টো নামে মামলার বাদী গেলেন কারাগারে। পুলিশের তদন্তে উঠে আসে তার পরিকল্পনার তথ্য। এরপর বিজ্ঞ আদলতের জেরার মুখে তিনি সাজানো মামালার কথা স্বীকার করেন। তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় গতকার বুধবার নওগাঁর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ভুট্টো নওগাঁ জেলা সদর উপজেলার চকগোয়ালী গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে। জানা যায়, শরিফুল ইসলাম ভুট্টো একই গ্রামের ৪ জন বাসিন্দাকে বিবাদী করে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৪২, ৩২৩, ৩৭৯ এবং ৫০৬(২)/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির সত্যতা যাচাইয়ের জন্য আদালত জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে ডিবি কে তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশ তদন্তে নেমে জানতে পারে বিবাদীদের সাথে বাদীর শত্রুতা রয়েছে। শুধু হয়রানি করার উদ্দেশ্যেই মনগড়া ও মিথ্যা মামলাটি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী বাদীর জবানবন্দি নেন।
এ সময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইমরানের কাছে বাদীর বক্তব্যে অ-সঙ্গতি ধরা পড়ে। বিচারক বিষয়টি গভীর ভাবে যাচাই করতে বাদীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আদালতের জেরার মুখে এক পর্যায়ে বাদী শরিফুল ইসলাম স্বীকার করেন তার করা মামলা ছিল সাজানো এবং মিথ্যা। এবিষয়ে আদালতের এপিপি রফিকুল ইসলাম জানান, মিথ্যা মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত তাৎক্ষণিক দণ্ডবিধির ২১১ ধারায় বাদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শরিফুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদালত বাদীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে সাজা পরোয়ানার মাধ্যমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার