তিন জেলার মোহনায় ইমাদুলের মাদকের অভয়ারণ্য: অতিষ্ঠ এলাকাবাসী
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া—এই তিন জেলার সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এক মাদকের অভয়ারণ্য। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা ইমাদুল দীর্ঘ দিন ধরে এই মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। তার এই অপতৎপরতায় সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। অনুসন্ধানে জানা যায়, ইমাদুল (পিতা: রুহুল আমিন) ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার মিরপুর এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোহনা খ্যাত 'হাট বোয়ালিয়া' সংলগ্ন কেশবপুর গ্রামকে তার মাদক ব্যবসার মূল কেন্দ্র বানিয়েছেন। ইতিপূর্বে মাদক ব্যবসায়ী হিসেবে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে ১৪/১৫টি মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। র্যাব, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত তাকে একাধিকবার গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় এই অবৈধ ব্যবসায় লিপ্ত হন।

ছবিঃ ইমাদুল
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, বর্তমানে এই মাদক সম্রাট স্থানীয় 'চেঙ্গিস মেম্বার' এবং দক্ষিণবঙ্গের শীর্ষ সন্ত্রাসী মহিবুল হক মঞ্জিলের রাজনৈতিক ছত্রছায়ায় নতুনভাবে তৎপরতা শুরু করেছেন। শুধু তাই নয়, এই সিন্ডিকেটে ইমাদুল তার নিজের স্ত্রীকেও সম্পৃক্ত করেছেন। আলমডাঙ্গা, মিরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন অংশে তার এই মাদক ব্যবসার রমরমা কার্যক্রম বর্তমানে পুরোদমে চলছে। এলাকার সাধারণ মানুষের ধারণা, স্থানীয় পুলিশ ক্যাম্পকে নিয়মিত মাসোহারা বা অবৈধ সুবিধা প্রদান করেই ইমাদুল নির্বিঘ্নে তার এই সাম্রাজ্য সম্প্রসারণ করে চলেছেন। এই মাদক সিন্ডিকেটের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এবং যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে স্থানীয় সর্বস্তরের জনগণ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই মাদক ব্যবসায়ীকে নির্মূল করার জন্য বিনীত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ ইডি