দায়িত্ব ফিরে পেলেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল

দায়িত্ব ফিরে পেলেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলাল দীর্ঘদিন দায়িত্বের বাইরে থাকার পর অবশেষে মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে পুনরায় স্বীয় দায়িত্ব ফিরে পেয়েছেন। বুধবার (১৭ জুন ২০২৬) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়নের মাধ্যমে তিনি চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল হন। জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল দায়িত্ব পালন করতে পারেননি। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে মহামান্য হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর ১৭ জুন ২০২৬ তারিখে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের জারিকৃত আদেশ বাস্তবায়নের মাধ্যমে একদন্ত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।এ ঘটনায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চেয়ারম্যানের সমর্থকরা আদালতের রায়কে আইনের শাসন ও ন্যায়বিচারের বিজয় হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব ফিরে পেয়ে চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে এবং মহামান্য হাইকোর্টের ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমে আমি পুনরায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আমি মহামান্য আদালতের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখে সংশ্লিষ্ট প্রশাসনের গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমার সবসময় আস্থা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, ইউনিয়নবাসীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে একদন্ত ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।” উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের রায়ের পর উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চেয়ারম্যান লিয়াকত হোসেন আলালের দায়িত্ব পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করে। এর মাধ্যমে দীর্ঘদিন পর তিনি আবারও একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।

পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য বিশিষ্ট আইনজীবী, পরিবেশ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি- গ্রীনপিস বাংলা, পাবনা জেলা শাখা, পাবনা) বলেন, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলাল জনগনের পক্ষ থেকে তার উপর অর্পিত পবিত্র আমানত বুঝে পাওয়ায় নাগরিকদের সকল প্রকার সেবা প্রদান করতে পারবেন। জনগন প্রশাসকের কাছ থেকে সেবা গ্রহণ করতে নানা প্রকার বিড়ম্বনার শিকার হতো। এখন আর বিড়ম্বনার শিকার হতে হবে না। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে হীন্যমনতাকে চরিতার্থ করার প্রয়াসে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তাদের প্রতি জনগনের পবিত্র আমানতদারী থেকে তাদেরকে বঞ্চিত করেছিলেন। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, সরকারের উচিৎ দেশের প্রতিটি স্থানীয় সরকারকে তাদের দায়িত্ব ফিরিয়ে দিয়ে জনগনের পবিত্র আমানতদারী সঠিক ভাবে পালন করতে দেওয়া। তিনি স্থানীয় সরকার মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনসেবামূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ