নাইক্ষ্যংছড়ির বাইশারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার জিরো পয়েন্টে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নিহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, বাইশারীর বাসিন্দা আজিজ খলিফাকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হলেও ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দাবি করেন, অভিযুক্ত উদয়ন ধর এখনও তার ব্যবসার দোকান ঘরের সিসি টিভি দিয়ে নিয়ন্ত্রণ করছেন, এবং তিনি ইন্টারনেটে থাকার পরও, তাকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
মানববন্ধনে উপস্থিত বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে আলী মো. মিনহাজ, রফিকুল ইসলাম, ফারুক আজম, জসিম উদ্দিন, আমিনুল হাকিম, জাহিদুল ইসলাম রুবেল ও আবদুল কালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে বহন করতে হবে।
এসময় নিহত আজিজ খলিফার স্ত্রী ও সাবেক মহিলা মেম্বার বেবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছোট ছোট সন্তানদের আর্তনাদ আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচার চাই। তার এ বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি