নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পোয়াবন নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। তিনি জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি