নওগাঁর বদলগাছীতে শিক্ষিকার মৃত্যু খবরে শিক্ষার্থীর প্রাণহানী, শোকে আচ্ছন্ন পুরো উপজেলা

নওগাঁর বদলগাছীতে শিক্ষিকার মৃত্যু খবরে শিক্ষার্থীর প্রাণহানী, শোকে আচ্ছন্ন পুরো উপজেলা
ছবি: মোঃ সারোয়ার হোসাইন অপু

দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত ও আরেক শিক্ষিকা আহত হয়েছেন। এদিকে ওই শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষিকা উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম। আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোরশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষিকা উম্মে কুলছুমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনিমের বাবা আবুল কালাম বলেন, ‘আমার মেয়েটি ফেসবুকে তার ম্যাডাম কুলছুমের মৃত্যুর খবর দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘হঠাৎ কোনো আকস্মিক ঘটনায় কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারাতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।’ স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি গোরশাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছিল। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষক কুলছুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত হয়েছেন। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ একই দিনে দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু