ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার!

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ইয়াবার চালান ফেলে রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক, পদাতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি