নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ঐতিহ্যবাহী বলি খেলা উপভোগ করলেন বিএনপি নেতাকর্মীরা!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বলি খেলা উপভোগ করেছেন বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টার দিকে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলি খেলা আমাদের সংস্কৃতির একটি অংশ, যা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে হবে।” বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, “ঐতিহ্যবাহী এ খেলাগুলো মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।” খেলা শেষে আয়োজকরা অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি