রাজশাহী প্রেসক্লাব-এর সঙ্গে মতবিনিময়ে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’ রাজশাহী নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাব-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় নগর উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভায় শুরুতেই রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে নগরীর উন্নয়ন, যানজট নিরসন, ও অটোরিকশা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা স্থাপন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন তারা।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করলে প্রেসক্লাব নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। রাসিক প্রশাসক বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাকে রাজশাহী নগরবাসীর সেবার সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম জোরদার এবং পদ্মা নদী ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, গুলজারবাগ ও ভদ্রা লেকে ফোয়ারা স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের প্রসঙ্গ তুলে রাসিক প্রশাসক বলেন, হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে প্রথমবারের মতো জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে এবং টিকাদান কার্যক্রমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা মামুন, আব্দুস সবুর, শাহরিয়ার অন্তু, আবু কাউসার মাখন, মোজাম্মেল হোসেন বাবু, আল আমিন, মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি ও রুবেল সরকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন