সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান

সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাটুয়ার বাজারে সরকারি অনুমোদন ও ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে পশুর হাট পরিচালনার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরদিনই অভিযান চালিয়ে অবৈধ হাটটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে বাজার এলাকায় অবৈধভাবে স্থাপন করা বাঁশ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এর আগে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, কংশনগর, নিমসার, কাবিলা ও ময়নামতি বাজারের মাঝামাঝি অবস্থানে হওয়ায় লাটুয়ার বাজারটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র কোনো ধরনের সরকারি অনুমোদন বা দরপত্র ছাড়াই প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসিয়ে আসছিল।

স্থানীয়দের অভিযোগ ছিল, বাজারে প্রতিটি গরু থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং ছাগল থেকে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হলেও এসব আদায়ের কোনো সরকারি বৈধতা ছিল না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় অবৈধ বাজারটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত বেশ কিছু বাঁশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ