নাইক্ষ্যংছড়ির বাহিরমাঠ সীমান্তে ১১ বিজিবির ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ!

নাইক্ষ্যংছড়ির বাহিরমাঠ সীমান্তে ১১ বিজিবির ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম বাহিরমাঠ সীমান্ত এলাকায় প্রায় পাঁচ শতাধিক সেবা বঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খাবার বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় বিজিবির লেবুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়েজুল করিম।

কর্মসূচির আওতায় দুর্গম সীমান্ত অঞ্চলের প্রায় ৩০০ জন দরিদ্র, অসহায় ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণ, শিক্ষার্থী এবং উপস্থিত অতিথিসহ সর্বমোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়েজুল করিম বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপারেশন উত্তরণের আওতায় বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি