সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে কমান্ড, লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪ দিনব্যাপী “কমান্ড লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজিপুর জেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। এছাড়াও বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, আধুনিক ও দক্ষ বাহিনী গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, নেতৃত্বগুণ ও ব্যবস্থাপনা দক্ষতা বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের ভবিষ্যতে মাঠপর্যায়সহ বিভিন্ন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দূরদর্শিতা ও কার্যকর নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা মোকাবিলায় দক্ষ নেতৃত্ব এবং কার্যকর ব্যবস্থাপনা কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও সংকট মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই উচ্চতর প্রশিক্ষণে বাহিনীর ১৫ জন পরিচালক এবং ৭ জন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২২ জন কর্মকর্তা অংশ গ্রহণ করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা কমান্ড, নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং মাঠপর্যায়ে কার্যকর নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে বাহিনীর পেশাগত মানোন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান