নাইক্ষ্যংছড়িতে শেষ কর্মদিবসে ইউএনও মাজহারুল ইসলামের অনুভূতি জনগণের ভালোবাসা আজীবন মনে রাখবো!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ২০২৪ সালের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ সময় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ছিল এ উপজেলায় তার শেষ কর্মদিবস। দায়িত্ব পালনকালে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধান, উন্নয়ন কার্যক্রম তদারকি, জলাবদ্ধতা নিরসন, খাল খনন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জনদুর্ভোগের সময়ও তাকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। শেষ কর্মদিবসে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,
নাইক্ষ্যংছড়ির মানুষ আমাকে যেভাবে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আমি আজীবন মনে রাখবো। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থেকে সরকারি সেবাকে সহজ ও মানবিক করতে। তিনি আরও বলেন, আগামীতেও যেখানে দায়িত্ব পালন করবো, সেখানেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। নাইক্ষ্যংছড়ির উন্নয়ন ও সম্ভাবনা অনেক। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এ উপজেলা আরও এগিয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও তার দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেছেন। অনেকেই বলেন, তিনি একজন কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে নাইক্ষ্যংছড়িবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। শেষ কর্মদিবসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি