বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি জয়, সাধারণ সম্পাদক তাহাসিনুর

বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি জয়, সাধারণ সম্পাদক তাহাসিনুর
ছবিঃ নাহিদ হাসান

দৈনিক বিজয় নিউজ বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব, বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের(বিওয়াইডিসি) ২০২৬-২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মুজান্না গালিফ জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী তাহাসিনুর রশিদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্লাবের মডারেটর অধ্যাপক ড. এমদাদ সরকার, সাবেক সভাপতি মোয়াখ্যেরুল ইসলাম নাঈম এবং সাধারণ সম্পাদক শেখ ইনান উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান রাকী। একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আবসার কোষাধ্যক্ষ, নোশিন লাবিবা মানবসম্পদ সম্পাদক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাপন রায় রুদ্র, মিয়া আসিফ জামান, আল মুসাভভির সিয়াম এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আশিক।

নতুন সভাপতি মুজান্না গালিফ জয় বলেন, বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব আমার কাছে শুধু একটি ক্লাব নয়, বরং শেখা, কাজ করা ও দক্ষতা বিকাশের একটি পরিবার হিসেবে দেখি। আগামী দিনে ক্লাবকে আরও সক্রিয়, দক্ষ ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কর্মশালা, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি-ভিত্তিক ট্রেনিং ও কারখানা ভিজিটের মতো কার্যক্রম আয়োজন করা হবে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্প-অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।

সাধারণ সম্পাদক তাহাসিনুর রশিদ বলেন, বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গভীর সম্মান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি মনে করি, ক্লাবের কার্যক্রমে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ থাকলেও সঠিক পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্লাবকে আবারও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক প্ল্যাটফর্মে রূপান্তর করা সম্ভব। শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও ব্যক্তিগত উন্নয়নে ভূমিকা রাখে এমন কার্যক্রম আয়োজনকে আমরা অগ্রাধিকার দেব।

উল্লেখ্য, বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াডসহ বিভিন্ন সেমিনার ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

দৈনিক বিজয় নিউজ/ নাহিদ হাসান