তেলের দাম ১৪০ ডলারে নিতে চায় ইরান: গালিবাফ

তেলের দাম ১৪০ ডলারে নিতে চায় ইরান: গালিবাফ
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৪০ ডলারে উন্নীত করাই এখন ইরানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তেল খাতের ওপর চাপ প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তা নাকচ করে দেন। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, অবরোধের প্রভাব অতিরঞ্জিত করা হচ্ছে। গালিবাফ বলেন, তিন দিন পার হলেও কোনো তেলকূপে বিস্ফোরণ ঘটেনি। চাইলে আমরা তা আরও বাড়াতে পারতাম এবং এখান থেকেই লাইভস্ট্রিম দেখাতে পারতাম। এ ধরনের ‘অযৌক্তিক’ পরামর্শই বেসেন্টের মতো ব্যক্তিদের কাছ থেকে পায় মার্কিন প্রশাসন, যারা আবার অবরোধের তত্ত্ব প্রচার করে এবং তেলের দাম ১২০ ডলারের বেশি বাড়িয়ে দিয়েছে। এরপর তিনি জানান, তেলের দাম ১৪০ ডলারে নেওয়াই এখন তাদের পরবর্তী লক্ষ্য। তার ভাষায়, সমস্যা তত্ত্বে নয়, বরং মানসিকতায়। এর আগে স্কট বেসেন্ট দাবি করেছিলেন, মার্কিন অবরোধের ফলে অতিরিক্ত তেল জমে গিয়ে ইরানের জ্বালানি অবকাঠামোর স্থায়ী ক্ষতি হতে পারে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতিরিক্ত তেলের চাপে ইরানের তেলকূপগুলো বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে এবং এমন পরিস্থিতি তৈরি হলে তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতেই গালিবাফ তেলবাজার নিয়ে তার মন্তব্য করেছেন।