ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আনসার-ভিডিপি ব্যাংকের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নেতৃত্বে ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্যাংকের চেয়ারম্যান আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরেন। চেয়ারম্যান আরও জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় কোর ব্যাংকিং সিস্টেম এবং আনসার ভিডিপি সদস্যদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেইজ না থাকায় প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি। তিনি উল্লেখ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি মূলত দেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে।
তিনি জানান, অগাস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকে ডিজিটালাইজেশন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় বর্তমান সরকারের প্রান্তিক জনপদকেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আনসার ভিডিপির সাংগঠনিক কাঠামোকে কাজে লাগানোর সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ খাতে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সাক্ষাতে আনসার ভিডিপি সদস্যদের জীবিকা উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ হিসেবে ‘সজ্ঞীবন প্রকল্প’-এর কথাও তুলে ধরা হয়। প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়। গভর্নর ব্যাংকের জরুরি নিয়োগ কার্যক্রম ও কৃষিঋণ বাজেট প্রদানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সাক্ষাৎ কালে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, মহাব্যবস্থাপকগন, সংগঠনের উপমহাপরিচালক ও ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ অন্য পরিচালকগন উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান