নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান চালানো হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। আটককৃত চালকের নাম জান্নাত উল্লাহ সাঈদ (২০)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে। সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাসপাতাল গেইট এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সাঈদ গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক চালক ও উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো: একরাম উল্লাহ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি