বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এসব দেশের অভিবাসীদের মধ্যে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করেছে। তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এ স্থগিতাদেশ কার্যকর রয়েছে বলে জানানো হয়। এর আগে, ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করেন। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শীর্ষক ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো সরকারি সহায়তা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার মধ্যে তালিকায় ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালের নামও অন্তর্ভুক্ত ছিল।