প্রায় দুই মাস পর কুয়েতের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে

প্রায় দুই মাস পর কুয়েতের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর নিরাপত্তাজনিত কারণে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। প্রায় দুই মাস পর গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এই তেলসমৃদ্ধ দেশটি আবারও আকাশসীমা খুলে দিয়েছে। তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনার বরাতে এ তথ্য জানিয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, “আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। এখন তা পুনরায় চালু করা হয়েছে। খুব শিগগিরই বিমানবন্দর পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। আজকের এই সিদ্ধান্ত সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ।” ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির বিরোধ চলছে। এ প্রেক্ষাপটে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিনের আলোচনা হয়, তবে তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়। অভিযানের প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতা খামেনিসহ সামরিক ও সরকারি পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। পাল্টা জবাবে ইরানও হামলা চালাতে থাকে। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে তার আগে কুয়েতের বিমানবন্দর একাধিকবার ইরানের হামলার শিকার হয়। হামৌদ মুবারক জানান, এসব হামলায় বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির হিসাব ও নথিভুক্তকরণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এদিকে, বিমানবন্দর বন্ধ থাকাকালে কুয়েতের বিমানগুলো নিজেদের বিমানবন্দরে রাখার সুযোগ দিয়েছিল সৌদি আরব। এ সহায়তার জন্য রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুবারক।

সূত্র: আনাদোলু এজেন্সি