গাজায় ইসরায়েলের হামলায় ১২ জন নিহত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। শুক্রবার (২৪ এপ্রিল) পৃথক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন পথচারী ছিলেন। হামলার সময় গাড়িটি স্থানীয় নিরাপত্তা দায়িত্বে ছিল। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক বাড়িতে বোমা হামলায় আরও দুজন প্রাণ হারান। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা বলেছে, পুলিশ বাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে—তাদের ওপর এমন হামলা বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক আইনেও এ ধরনের হামলার কোনো বৈধতা নেই বলে মন্ত্রণালয় দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে উৎসাহিত করছে এবং পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে। গাজার কর্তৃপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর ফলে এলাকায় অপরাধপ্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও তীব্র হয়ে উঠছে।